রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির এক জ্যেষ্ঠ নেতা জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি পদের জন্য প্রায় চূড়ান্ত করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছিল। দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থাকায় শেষ মুহূর্তে সমর্থনে কোনো পরিবর্তন না হলে বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে রোববার (৯ আগস্ট) সকালে বিএনপি নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজনে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না; সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। বর্তমান তফসিল অনুযায়ী সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

ক্যাটাগরি