রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক অবস্থানের প্রশংসা করে শফিকুর রহমান বলেন, সাগরের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর মনও আরও বড় ও উদার হোক—এটাই তিনি চান।

এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে তিনি বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’ এ সময় নিজ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আমিন’ বলতে এবং মুখে হাত বুলাতে দেখা যায়।

তবে শুধু প্রশংসায় সীমাবদ্ধ থাকেননি জামায়াত আমির। র‍্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠনের উদ্যোগ নেওয়া হলে বিরোধী দলের অবস্থানও তুলে ধরেন তিনি। শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে এমন বাহিনী প্রয়োজন হলে তারা বাধা দেবেন না। তবে অতীতে র‍্যাবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে তিনি নতুন বাহিনী গঠনের আগে বিষয়টি ভালোভাবে পর্যালোচনা ও নিশ্চিত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার কারণে শুধু বিরোধী দল নয়, পুরো জাতিই এ ধরনের বিশেষ বাহিনী নিয়ে আতঙ্কিত। নারায়ণগঞ্জের আট খুনের মামলাসহ অতীতের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় মানুষের মধ্যে গভীর ট্রমা তৈরি হয়েছে।

শফিকুর রহমান বিলটি আরও সময় নিয়ে পর্যালোচনা করে পরবর্তী সপ্তাহে সংসদে আনার আহ্বান জানান। তাঁর বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিমুখে প্রতিক্রিয়া জানান এবং বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা বলেন।

ক্যাটাগরি