২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর
২০২৬ সাল বিশ্ব ইতিহাসের চারটি সর্বোচ্চ উষ্ণ বছরের একটি হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিভাগ। প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরটি রেকর্ডভাঙা উষ্ণ বছরগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রায় নিশ্চিত।
বিশ্লেষণে বলা হয়েছে, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের (১৮৫০–১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৩৫ থেকে ১ দশমিক ৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। এর মধ্যে প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করতে পারে।
বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। পাশাপাশি ২০২৩ ও ২০২৪ সালের শক্তিশালী এল নিনো আবহাওয়া ঘটনাও সাম্প্রতিক অতিরিক্ত উষ্ণতার পেছনে ভূমিকা রেখেছে।
প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো একটি বছরে এই সীমা অতিক্রম করাকে চুক্তি লঙ্ঘন হিসেবে ধরা হয় না, তবুও বিজ্ঞানীরা এ প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়লে তাপপ্রবাহ, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি আরও বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন ও বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর।
এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাস অনুযায়ী, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে ২০২৬ সালেও, যা টানা ১৩তম বছর হতে যাচ্ছে। একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা বার্কলে আর্থ।