সেন্টমার্টিনে পরিবেশবিরোধী কার্যক্রমে ৯ হোটেলকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে ৯টি হোটেলকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

জরিমানাপ্রাপ্ত হোটেলগুলো হলো— নীল দিগন্ত রিসোর্ট, লুই পাস হোটেল, সেন্ট ক্যাসল হোটেল, সূর্যস্নান হোটেল, হোটেল ফ্যান্টাসি, কোরাল হেডজ বিচ রিসোর্ট, হোটেল অবকাশ, আপ্যায়ন রেস্তোরাঁ ও দি আটলান্টিক হোটেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, সেন্টমার্টিনের মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, জেনারেটরের অতিরিক্ত শব্দ এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জার অভিযোগ ছিল কয়েকটি হোটেলের বিরুদ্ধে, যা সামুদ্রিক প্রাণীদের প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে মারাত্মকভাবে ক্ষতিকর। সরেজমিন পরিদর্শনে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অবহেলা, কঠিন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, স্তূপীকৃত প্লাস্টিক পোড়ানো, উচ্চ শব্দে জেনারেটর ব্যবহার, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই দ্বিতীয় দিনের মতো ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান রক্ষায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। যেসব হোটেল ও প্রতিষ্ঠান নিবন্ধনবিহীন, লাইসেন্স ছাড়া পরিচালিত অথবা যাদের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়— তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেন্টমার্টিনসহ কক্সবাজারকে পরিবেশবান্ধব, টেকসই ও ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এই অভিযান আরও কয়েকদিন চলবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।