সেন্টমার্টিন উপকূলে ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত সমুদ্র টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে টহলরত অবস্থায় নৌবাহিনীর একটি জাহাজ দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলোকে ধাওয়া করে। পরে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশিকালে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী সমুদ্রপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রসীমায় নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী বলেন, জব্দকৃত সিমেন্ট, আটক দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সমুদ্রসীমা ও সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য, চোরাচালান এবং পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।