শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভাংচুরের অভিযোগে ৯ কর্মকর্তার বিরুদ্ধে ফুল বেঞ্চে কনটেম্পট প্রসিডিং শুরু

কক্সবাজার শহরে অবস্থিত মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরীর বসতবাড়ি ও স্থাপনা মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে ভাংচুর করার অভিযোগে কক্সবাজার জেলার সাবেক জেলা প্রশাসক সালাহউদ্দিনসহ জেলা প্রশাসনের পাঁচজন কর্মকর্তা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যানসহ চারজন মোট নয়জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কনটেম্পট অব কোর্ট প্রসিডিং শুরু করেছে সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ (রুল) জারি করেছেন।

আবেদনকারী অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন ও সংস্থার কর্মকর্তারা তার কক্সবাজার শহরের বাড়িঘরে বেআইনিভাবে ভাংচুর চালান, যা সরাসরি আদালত অবমাননার শামিল।

ফুল বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কনটেম্পট প্রসিডিং শুরু করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ নির্ধারণ করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী বলেন, “আমি ন্যায়বিচারের প্রতি আস্থাশীল। আল্লাহর রহমতে আমি সুবিচার পাব বলে বিশ্বাস করি। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই।”

উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ক্যাটাগরি