শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

দুই কিডনি বিকল রামুর কিশোর আনিস, আর্থিক সংকটে চিকিৎসা বন্ধের শঙ্কা

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার বাসিন্দা কিশোর মো. আনিস (১৬) বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত এই কিশোরের দুটি কিডনিই সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চরম আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষে।

আনিস নন্দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। সে মো. শামসুর আলম ও দিলওয়ারা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইতোমধ্যে তাকে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আনিসের পূর্ণাঙ্গ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে।

দরিদ্র কৃষক পরিবারটির পক্ষে এই বিপুল অর্থ সংগ্রহ করা সম্পূর্ণভাবে অসম্ভব। ফলে মানবিক সহায়তা না পেলে কিশোর আনিসের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও দয়ালু মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আনিসের পরিবার। তাদের মতে, সামান্য সহায়তাতেই বাঁচতে পারে একটি তরতাজা প্রাণ এবং ফিরে পেতে পারে একটি শিশুর স্বাভাবিক জীবন।

আনিসের চিকিৎসা সহায়তার জন্য তার ভাই মোহাম্মদ আমিনের বিকাশ নম্বর ০১৮৭০০৭৯০৯১-এ অনুদান পাঠানো যেতে পারে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যাবে ০১৮৫২৮১৮৪৩০ নম্বরে।

ক্যাটাগরি