শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ এবার পূর্ণ মন্ত্রীই নন, বরং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য।

২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে তিনিই প্রথম মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। স্বাধীনতার আগে সাবেক সংসদ সদস্য খালেকুজ্জামান ও শহীদুজ্জামানের পিতা ফরিদ আহমদ পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন।

আওয়ামী লীগ সরকারের শেষ দিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন সাইমুম সরওয়ার কমল। তবে হুইপের কার্যপরিধি ছিল মূলত সংসদকেন্দ্রিক। এবার কক্সবাজার জেলার কোনো সন্তান প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন-এমন প্রত্যাশা ঘিরে জেলাজুড়ে আলোচনা চলছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব মিলতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

শুক্রবার সকালে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। কক্সবাজার বিমানবন্দরে তাকে বিদায় জানান নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির এক নেতা জানান, বিমানবন্দরে সালাহউদ্দিন আহমদকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। এখন পুরো জেলার মানুষের অপেক্ষা-ঢাকা থেকে কক্সবাজারবাসীর জন্য তিনি কী সুসংবাদ নিয়ে ফেরেন।

ক্যাটাগরি