শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

বিদেশি পর্যটকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই ঘোড়া চালক গ্রেফতার

কক্সবাজার সমুদ্রসৈকতে এক বিদেশি পর্যটকের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই ঘোড়া চালককে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ হোসেন (২৪), পিতা মো. কালু, মাতা মিনহারা বেগম, বাসিন্দা পশ্চিম কলাতলি ১২ নম্বর ওয়ার্ড এবং রবিউল হাসান (১৮), পিতা জামাল হোসেন, মাতা মৃত খুরিশদা বেগম, বাসিন্দা কলাতলি বড় মসজিদ এলাকা। তারা দুজনই কক্সবাজার সদর মডেল থানার অন্তর্ভুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিক সৈকতে ঘোড়ায় চড়তে গেলে অভিযুক্তরা মাত্র ২০ মিনিটের বিনিময়ে ৬ হাজার টাকা দাবি করেন। পরে পর্যটককে জোরপূর্বক ৪ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। বিষয়টি টুরিস্ট পুলিশকে জানানো হলে দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো ধরনের হয়রানি বা অনিয়ম বরদাশত করা হবে না।

কক্সবাজারের পর্যটন শিল্পের সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে টুরিস্ট পুলিশ।

ক্যাটাগরি