মন্ত্রিসভা কমিটি গঠন, ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির প্রধান দায়িত্ব হবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালু করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ‘ফ্যামিলি কার্ড’-এর ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না, তা পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) প্রণয়নের সুপারিশ করা হবে।
আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির থাকবে।