শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

বন্ধুদের সঙ্গে কক্সবাজার আসার পথে ট্রাকচাপায় খোরশেদ রাব্বী নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রাম-এর সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার সময় তিনি পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়। স্থানীয়রা জানান, রাব্বী একজন স্বেচ্ছায় রক্তদাতা ছিলেন এবং বিভিন্ন সময় রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতেন।

এলাকার বড় ভাই উজ্জ্বল বলেন, সম্প্রতি রাব্বীর বিয়ে হয়েছিল এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। কক্সবাজার যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর পাওয়া অত্যন্ত বেদনাদায়ক। মরদেহ বর্তমানে সাতকানিয়া থানায় রয়েছে এবং হস্তান্তরের বিষয়ে প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনাস্থলের থানা থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ক্যাটাগরি