শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত জাহাঙ্গীর ও ৮ সহযোগী আটক

-কোস্ট গার্ডের অভিযানে আটক ডাকাত সদস্য ও উদ্ধারকৃত জেলেরা।

কক্সবাজারে বাংলাদেশ কোস্ট গার্ড–এর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর ও তার ৮ সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের জিম্মিতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফবি মায়ের দোয়া-৩’ নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া দিয়ে বোটটি আটক করে।

তল্লাশিতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৪ সহযোগীকে আটক করা হয় এবং জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের লাবণী পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর বাহিনীর আরও ৪ সদস্যকে আটক এবং আরও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ক্যাটাগরি