বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

পেকুয়াবাসীর স্বপ্ন পূরণে পৌরসভা গঠনের উদ্যোগ নিলেন সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ এর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পেকুয়া উপজেলাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জোর তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক সীমানা নির্ধারণে সমীক্ষা চালানো হয়। জেলা প্রশাসকের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

ইউএনও জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেকুয়া পৌরসভা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সীমানাসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য চেয়েছে। সে অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমীক্ষাকালে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে পেকুয়া উপজেলাকে বাস্তবায়নে ভূমিকা রাখেন সালাহউদ্দিন আহমদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনি প্রচারে পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

ক্যাটাগরি