রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করা হবে এবং সেই কাঠামোর মধ্য দিয়েই গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও পরিবর্তিত ইকোসিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের গণমাধ্যম ব্যবস্থার সঙ্গে এখনো পুরোপুরি যুক্ত হওয়া সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে গঠিত হয়েছিল, তখন প্রযুক্তিনির্ভর ডিজিটাল গণমাধ্যমের বিস্তার ছিল না। বর্তমানে তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা ও ব্যবস্থাপনা পুরোপুরি গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবগত নন। বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

সরকার গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি ও আধুনিকায়নের সমন্বয়ে একটি কার্যকর ও দায়িত্বশীল তথ্যব্যবস্থা গড়ে তুলতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

ক্যাটাগরি