কলাতলী গ্যাসপাম্প অগ্নিকাণ্ড: চমেকে দগ্ধ মোতাহেরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গ্যাসপাম্পে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ মোতাহের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মো. হৃদয় বাবু। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে মোতাহের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হতে পারে, তবে পারিবারিক সিদ্ধান্তে এতে পরিবর্তনও হতে পারে।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে আবু তাহের ও আব্দু রহিম মারা যান। অগ্নিকাণ্ডের সময় গুরুতর আহত অবস্থায় মোতাহেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাতলী এলাকার ওই গ্যাসপাম্পে আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক ও কর্মচারী দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাটি নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্ফোরণ অধিদপ্তরের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্যাসপাম্পটির জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরণ অধিদপ্তরের লাইসেন্স ছিল না।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিহতদের পরিবারও দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছে।