রামুতে পুলিশের অভিযানে ১ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মৃত আক্তার কামালের বাড়িতে।
অভিযান চলাকালে বাড়ির একটি বসত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করে পুলিশ।
এ ঘটনায় বাড়ির বাসিন্দা মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫)কে আটক করা হয়েছে। তিনি মৃত আক্তার কামালের স্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই মাদকদ্রব্য সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।
রামু থানা পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিকে আইনের আওতায় আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।