রামুতে হাম-রুবেলার টিকাদান শুরু: লক্ষ্যমাত্রা ৬১ হাজারের বেশি শিশু
কক্সবাজারের রামু উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৫ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রথমদিনে রামু উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ২ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম জানান, পর্যায়ক্রমে পুরো উপজেলায় মোট ৬১ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে উপজেলায় ২০ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে এবং বাকি ১০ জন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
টিকাদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে, এ উদ্যোগ শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমিয়ে আনবে।
উল্লেখ্য, সরকারের পাইলট প্রকল্পের আওতায় হামের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রামু ও মহেশখালী উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।