শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

দেশের বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোকে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এর মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা প্রদান, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ আরও সহজ হবে।

পর্যটন খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কক্সবাজারের পর্যটন এলাকাগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি স্থানীয়দের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।

পরে মন্ত্রী ও উপদেষ্টা হিলডাউন সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি