বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩, জব্দ ইঞ্জিনচালিত নৌকা

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ জুন) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে ইয়াবার বড় একটি চালান নিয়ে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-০৫ এলাকার প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে জিন্নাখাল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় জিন্নাখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি আভিযানিক দল সকাল ১০টা থেকে এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরে সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নাফ নদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে আগে থেকে অবস্থান নেওয়া বিজিবির বিশেষ টহল দল নৌকাটি আটক করে। তল্লাশি চালিয়ে নৌকা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয় এবং ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত নৌকার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান এবং সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাটাগরি