বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

পাটের ব্যাগে লুকানো ৩৮ হাজার ইয়াবাসহ আলীর জাহালে যুবক আটক

কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বিশেষ কৌশলে পাটের ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

আটক আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি পাটের তৈরি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় একটি ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১৮টি পোটলা পাওয়া যায়। এসব পোটলা থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি পাটের ব্যাগ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে উদ্ধার হওয়া বড় ইয়াবা চালানগুলোর মধ্যে এটি অন্যতম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আনা হয়েছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও তদন্ত চলমান রয়েছে।”

ক্যাটাগরি