মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন লিওনেল মেসি!

২০২৬ ফিফা বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে দেখেছিলেন। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি প্রমাণ করেছেন, বয়স তার পারফরম্যান্সে কোনো বাধা নয়। পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি। যদিও প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা থাকবে।

অন্যদিকে, আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলে প্রজন্মান্তরের পরিবর্তন সহজ করতে আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি। তবে আরেকটি বিশ্বকাপ খেলার পরিকল্পনা তার নেই। বরং শিগগিরই আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি।

এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানা গেছে। বেইন স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে দেশের সমর্থকেরা সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর সুযোগ পাবেন।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্য, হতাশা এবং দুর্দান্ত প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। একের পর এক ফাইনালে হারের পর সমালোচনার মুখে পড়লেও, তার নেতৃত্বেই আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সফল অধ্যায়ে প্রবেশ করে। তার হাত ধরে আলবিসেলেস্তেরা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তির বিদায় সীমাবদ্ধ থেকেছে একটি বিবৃতি বা সংবাদ সম্মেলনে। তবে মেসির বিদায় হতে পারে ভিন্ন মাত্রার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আর্জেন্টিনার জার্সিতে তার শেষ উপস্থিতিও হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও আবেগঘন।

ক্যাটাগরি