শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশ গঠনের কাজ করছে। তবে এ কাজ তখনই সফল হবে, যখন বর্তমান প্রজন্ম নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের সফল চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই এখন থেকেই আত্মগঠন ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।
পরিবেশ রক্ষায় শিশুদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা না ফেলে এবং নদী, পুকুর বা আশপাশের পরিবেশ দূষণ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। প্রয়োজনে নিজেরাই পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে।
প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে। পাশাপাশি পশুপাখির প্রতি মানবিক আচরণ করারও আহ্বান জানান তিনি।
সরকার শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কনসহ যে কোনো প্রতিভা বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
বক্তব্যের শেষে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রাধান্য দেওয়া উচিত, যাতে শিশু-কিশোররা আরও উৎসাহিত হয়।