হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়িও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালান। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিক আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর ভূমিকা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, হামলাকারীরা মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং গাড়িচালক ও মিডিয়া কর্মীদের ওপর হামলা চালায়।
তবে এ বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।