মঙ্গলবার প্রস্তুত হচ্ছে এসএসসির ফল, প্রকাশ কবে?
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। ফল প্রকাশকে ঘিরে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই, জিপিএ নির্ধারণসহ প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে শতভাগ ফল প্রস্তুত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আমরা আশা করছি, ২৭ অথবা ২৮ জুলাইয়ের মধ্যে ফল সম্পূর্ণ প্রস্তুত হবে। এরপর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বোর্ডের প্রস্তুতি শেষ হলেও ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।”
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। খাতা মূল্যায়নে কোনো ধরনের ‘গ্রেস মার্ক’, অতিরিক্ত নম্বর বা সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি।
ফল প্রস্তুতের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।