শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সারসহ ২৩ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গাসংলগ্ন কর্ণফুলী নদী ও বহির্নোঙরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশে এসব সার মজুদ করা হয়েছিল।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় প্রথম অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। ওই এলাকায় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারচক্রের ২৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে গোপনে লুকিয়ে রাখা ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করে কোস্ট গার্ড। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা রাত পালিয়ে যায়।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য। জব্দকৃত সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি