কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসাইলিং পয়েন্টে উড়ন্ত অবস্থায় নিরাপত্তা বেল্ট থেকে ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসে সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিংয়ে অংশ নেন।
জানা গেছে, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ দুর্ঘটনায় পর্যটকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থার যথাযথ মান ও তদারকি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তবে এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।