চায়ের দোকানে বসে এইচএসসির খাতা মূল্যায়ন, ৫০০ খাতা উদ্ধার
সিলেটে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষকের কাছ থেকে প্রায় সাড়ে ৫০০টি খাতা উদ্ধার করেছে সিলেট শিক্ষা বোর্ড।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান নগরের উপশহর এলাকার মেট্রোসিটি উইমেন্স মডেল কলেজের প্রভাষক।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর জানান, নিয়মবহির্ভূতভাবে চায়ের দোকানে বসে এইচএসসির বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন ওই শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে ৫০০টি উত্তরপত্র উদ্ধার করা হয়।
বোর্ড সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া উত্তরপত্রের মধ্যে প্রায় ১৫০টির মূল্যায়ন সম্পন্ন হয়েছিল। বাকি প্রায় ৪০০টি উত্তরপত্র তখনও মূল্যায়ন করা হয়নি।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তার কর্মস্থল মেট্রোসিটি উইমেন্স মডেল কলেজ থেকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।