কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি ঘটনার আসামি মেহেদী গ্রেফতার
কক্সবাজার আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি মো. মেহেদীকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া শিকদার বাড়ির পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী দক্ষিণ মুহুরীপাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২৪ মে সকালে কক্সবাজার জেলা জজ কোর্টের পেছনের গেটসংলগ্ন সড়কে একদল সন্ত্রাসী গুলি চালায়। এতে মইনুদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা জিয়াউল হক নামে এক হামলাকারীকে হাতেনাতে আটক করেন।
এরপর মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে মেহেদীর অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব-১৫ সিপিএসসির একটি দল ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার মেহেদীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।