ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১০ আগস্ট) ভোরে ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ নয়াপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘুমধুম সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা ও অবৈধ অস্ত্র চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের অভিযোগ, উদ্ধার হওয়া চালানটি স্থানীয় চোরাকারবারিদের মাধ্যমে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গিয়ে বহন করা বস্তা ফেলে রেখে যায় বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বিজিবি কোনো ব্যক্তির সম্পৃক্ততা নিশ্চিত করেনি।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।