বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজার শহরে জেলা প্রশাসনের অভিযান
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে দেখা যায়, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই তাদের কার্যক্রম ও আলোকসজ্জা বন্ধ রেখেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের নির্দেশনা প্রতিপালনকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করা হয়।
তবে অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার বিষয়টি পরিলক্ষিত হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহারে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিদ্যুৎ সাশ্রয়ে জেলার সব ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।