রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের রামুতে ৩০ বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে রামু চৌমুহনী মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, রামু সেক্টরের অধীন ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি দল চৌমুহনী মোড় এলাকায় অবস্থান নেয়।
এ সময় খারাংখালী থেকে রামুর দিকে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তি টেকনাফের নয়াপাড়া নাছর পাড়া এলাকার মোহাম্মদ শফিকের ছেলে মোবারক হোছাইন বলে পরিচয় নিশ্চিত করে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হোছাইন ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক মোবারক হোছাইনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।