কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে খুরুশকুল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রমিজ উদ্দিন খুরুশকুল এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
র্যাব-১৫-এর সিপিএসসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার রমিজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায়ের পর থেকেই রমিজ উদ্দিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব। দীর্ঘদিন বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর তাকে খুরুশকুল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।