মহেশখালীতে ১৮০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় বটতলার জালা হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই মো. মোজাহারুল ইসলাম, এসআই ওসমান মিয়াসহ পুলিশের একটি দল রাজঘাট থেকে নতুন বাজারগামী পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন কুতুবদিয়া উপজেলার এবং একজন উখিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।