কুতুপালং ক্যাম্পে অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।
তিনি জানান, এসআরবি-১৫, সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা উখিয়া থানাধীন কুতুপালং বাজার ও আশপাশের এলাকায় টহল দিচ্ছিলেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্টের ব্লক-ডি/৯ এলাকায় মোহাম্মদ জুবায়েরের বসতঘরে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে এসআরবির দলটি জুবায়েরের বসতঘরের সামনে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জুবায়েরের দেহ, বসতঘর ও আশপাশে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের হেফাজতে একটি দেশীয় অস্ত্র থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর বসতঘরের শয়নকক্ষসংলগ্ন ডাইনিং কক্ষে থাকা একটি প্লাস্টিকের টেবিলের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান বের করে দেন বলে এসআরবি জানিয়েছে। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেফতার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে।
এসআরবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্র পর্যালোচনায় জুবায়ের কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোনসহ জুবায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।