উখিয়া

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম নামে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম নিখোঁজ হয়। পরে ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ইমো নম্বরে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর কিশোরটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে এসআরবি-১৫।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোরে হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। অভিযানে জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করার কথা জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার কিশোর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ক্যাটাগরি