টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ার সহ আটক ১
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. সেলিম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় নুর কবির (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের শিলবুনিয়া এলাকায় নুর কবিরের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল শিলবুনিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে কৌশলগত অবস্থান নেওয়ার পর সাড়ে ৯টার দিকে নুর কবিরের বসতবাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মো. সেলিমকে আটক করা হয়। পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মো. সেলিম শিলবুনিয়াপাড়ার বাসিন্দা। পলাতক নুর কবিরও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক নুর কবিরকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।