জাতীয়

রয়টার্সের প্রতিবেদন নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এ উদ্যোগ নেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে তাঁর আইনজীবীদের পাঠানো একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তাদের জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তাঁকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তাঁর প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কেও নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।

ক্যাটাগরি