লঘুচাপের পূর্ভাবাস, দেশের সব বিভাগেই টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) ও বুধবার (১১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগে সোমবারও কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।