খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ৫৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মো. ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়কের নির্দেশে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সি-টাইপ স্পেশাল টহল দল মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইসমাইল হোসেনের ভাড়া বাসা থেকে একটি মোটরসাইকেলসহ ৫৩ পিস ইয়াবা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটক ইসমাইল হোসেন সিরাজী তাইন্দং ইউনিয়নের উত্তর বরবিল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, আটক মাদক ব্যবসায়ীকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, মাটিরাঙ্গার সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।