প্রথমবারের মতো নির্বাচনী মাঠে নেমে চকরিয়া–পেকুয়ার মানুষের সঙ্গে সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথমবারের মতো ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পীর মাওলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন।
দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে এলাকায় নিয়মিত উপস্থিত হতে না পারা সালাহউদ্দিনের এ সফরকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এটি তার প্রথম পূর্ণাঙ্গ নির্বাচনি সফর।
প্রচারণার শুরুতে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া ও পেকুয়ার সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। চকরিয়ার ১৭টি ইউনিয়ন, পেকুয়ার ৭টি ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার সকালে খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে তিনি নির্বাচনি গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এদিন সন্ধ্যা ৬টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বৃহৎ পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সফর পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক। সালাহউদ্দিন আহমদ প্রায় এক সপ্তাহ নিজ বাড়িতে অবস্থান করবেন এবং সেখান থেকেই প্রতিদিন নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জনসংযোগ করবেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ইতোমধ্যে বিস্তারিত সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা—এ সফর চকরিয়া–পেকুয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও গতিশীল হবে।