কক্সবাজারগামী স্লিপার বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ১৪
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস ও টাইলসবোঝাই পিকআপের সংঘর্ষে এক যুবক নিহত এবং অন্তত ১৪ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার লালমনিরহাট সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, পুরাতন চট্টগ্রামগামী সড়ক থেকে টাইলসবোঝাই পিকআপটি ধোড়করা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-গামী মহাসড়ক পার হচ্ছিল। সে সময় দ্রুতগতিতে ঢাকার দিকে যাওয়া কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলসের স্লিপার বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের ওপরে বসে থাকা আব্দুল জব্বার ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত স্লিপার বাসের যাত্রী ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা বাবু জানান, তারা আট বন্ধু কক্সবাজারের কলাতলী থেকে সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তাদের তিন বন্ধু গুরুতর আহত হন এবং প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকল আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।