আর্ন্তজাতিক

ইমরান খানকে বাদ দেওয়ার গুঞ্জন ভিত্তিহীন—পিটিআই চেয়ারম্যানের স্পষ্ট ঘোষণা

ছবি: সংগৃহিত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কখনই ‘মাইনাস’ হওয়ার মতো নেতা নন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গওহর আলী বলেন, ইমরান খান এখনো পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা। ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের বাইরে তিনি বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন, যাকে মাইনাস করার কথা কেউ ভাবতেও পারে না।’

তিনি রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক ও ইতিবাচক মনোভাব নিয়ে এগোনোর আহ্বান জানান।

এ সময় গওহর কর্তৃপক্ষের কাছে ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানান। তার ভাষায়—বৈঠকের ব্যবস্থা করা হলে নেতিবাচক আলোচনার পরিবর্তে ইতিবাচক ফলাফল আসতে পারে।

বর্তমান রাজনৈতিক বক্তব্য ও সংবাদ সম্মেলনের সমালোচনা করে তিনি বলেন, এসব আলোচনা শুধু পাকিস্তানের শত্রুদেরই খুশি করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা বর্তমান পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে পারেন না।

তিনি আরও বলেন, জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে; কিন্তু রাজনৈতিক বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের মাঝে হতাশা বাড়ছে।

এদিকে গত সপ্তাহ থেকে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, সাবেক প্রধানমন্ত্রী ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেন।

এর পর সরকারদলীয় মন্ত্রীরা পিটিআইয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানান—যেকোনো আলোচনা ইমরান খানকে বাদ দিয়ে হতে হবে।

তথ্যসূত্র: ডন

ক্যাটাগরি