কক্সবাজার–৩ আসনে ‘নিশ্চিত বিজয়’ দাবি করে আলোচনায় জামায়াত সমর্থিত প্রার্থী বাহাদুর
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজেকে ‘নিশ্চিত নির্বাচিত’ বলে দাবি করে ব্যাপক আলোচনায় এসেছেন কক্সবাজার–৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়,“ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।” যার অর্থ,“এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হব,এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ।”
মঙ্গলবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানা মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ‘রবিন খান’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একজন তাকে প্রশ্ন করছেন,কক্সবাজারে এমপি কে হবে? জবাবেই আসে বাহাদুরের এ বিতর্কিত মন্তব্য। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন,“দাঁড়িপাল্লায় জেগেছে যুবক, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন”, আবার কেউ মন্তব্য করেছেন,“সিল মারা হয়ে গেলে এত প্রচারের প্রয়োজন কী!” কেউ কেউ তার মন্তব্যকে “অতিরিক্ত আত্মবিশ্বাস” বলেও আখ্যা দিয়েছেন।
শহীদুল আলম বাহাদুর ছাত্রজীবনে কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। পরে তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ পরিচয় থেকেই তিনি এলাকায় ‘ভিপি বাহাদুর’ নামে পরিচিত। নির্বাচনী মাঠে গতি আনতে সম্প্রতি তিনি ‘রান উইথ ভিপি বাহাদুর’ শিরোনামে একটি গণদৌড়ের আয়োজন করেন।
নিজের মন্তব্য প্রসঙ্গে বাহাদুর বলেন,জনগণের ভালবাসা ও আল্লাহর রহমতে তারা বিজয়ী হবেন। যুবসমাজের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের কথাও তিনি তার পরিকল্পনায় তুলে ধরেন।
অন্যদিকে, কক্সবাজার–৩ আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে, যিনি ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর কাজল ও বাহাদুর পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণও রেখেছেন।
এতসব আলোচনা, টানটান পরিস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের উত্তাপ—সব মিলিয়ে কক্সবাজার–৩ এখন নির্বাচনী অঙ্গনে পুরোপুরি সরগরম।
সৃ্এ: যুগান্তর