শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার, মোট আটক ১২

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজন হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। শনিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার ভালুকা আমলি আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা আদালত পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর রাতে। ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপুকে গণপিটুনি দেয়। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাস দাবি করেছেন, উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ তুলে দিপুকে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য, দিপু শিক্ষিত ও সচেতন ছিলেন এবং ধর্ম অবমাননার মতো কোনো কাজে জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের কাছে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো- তা তদন্ত করে দেখা হচ্ছে।” তিনি জানান, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা ছিলেন এবং গত দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।

ক্যাটাগরি