শহীদ ওসমান হাদির নামে কক্সবাজারে যমজ নবজাতকের নাম রাখলেন জামায়াত কর্মী
শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে হৃদয়ে ধারণ করে কক্সবাজারে ঘটেছে এক আবেগঘন ও অনন্য নামকরণের ঘটনা। সদ্য জন্ম নেওয়া যমজ দুই নবজাতকের নাম রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামানুসারে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।
যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থসম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আমিনুল ইসলাম হাসান জানান, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহভাজন কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতিতেই শহীদ হাদির স্মরণে যমজ শিশুদের নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, এক শিশুর নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অপরজনের নাম হোসাইন হাদি।
উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হয়।