জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য নীতিগত আপত্তি জানিয়েছেন। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেছেন।
শনিবার রাত ৮টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্মারকলিপিতে স্বাক্ষরকারী ১ নম্বর সদস্য মুশফিক উস সালেহীন। তিনি এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্মারকলিপিতে নেতারা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার আলোকে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করেন। এতে বলা হয়, সম্প্রতি জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার বিষয়ে যে আলোচনা সামনে এসেছে, তা দলের নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, দলের যেকোনো জোটনীতি নির্ধারণের ক্ষেত্রে নীতিগত প্রশ্নগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা স্পষ্টভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার দাবি জানান।
স্মারকলিপিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতেই রাজনৈতিক কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত সুবিধার জন্য আদর্শিক অবস্থান বিসর্জন দেওয়া হলে তা দলের বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক দায়বদ্ধতার পরিপন্থী হবে।
এ বিষয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তা নিয়ে এনসিপির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।