মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

আওয়ামী লীগ ছেড়ে ১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার ও কাজী অমিতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারও অনুষ্ঠানে অংশ নেন।

যোগদান অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন। তিনি জানান, কোটালীপাড়ায় বিএনপিকে আরও শক্তিশালী করতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা বাড়ছে। আগামী দিনে কোটালীপাড়ায় আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

স্থানীয় রাজনীতিতে এ যোগদানকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি