বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দলের মুখপাত্রের দায়িত্ব, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বিকেলে এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, এনসিপিতে যোগদানের পাশাপাশি দলের মুখপাত্রের দায়িত্বও পাচ্ছেন আসিফ মাহমুদ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে। গত বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি এতদিন অনেকটাই গোপন রাখা হয়েছিল।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। তিনি বলেন,
‘আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’

মনোনয়নপত্র রেজিস্টারে দেওয়া তথ্যে দেখা গেছে, আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা, আর স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর

উল্লেখ্য, এর আগে ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনে ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন।

তবে এনসিপিতে যোগদান এবং কুমিল্লা-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সামনে আসায় তার নির্বাচনী কৌশল ও চূড়ান্ত আসন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে

ক্যাটাগরি