কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী কাজলের সম্পদের মূল্য প্রায় ১২ কোটি টাকা
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি।
হলফনামা অনুযায়ী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের কাছে ৫০ ভরি স্বর্ণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি বাণিজ্যে স্নাতক (বিকম) পাস বলে উল্লেখ করেছেন।
বার্ষিক আয় বিবরণীতে দেখা যায়, মৎস্য প্রকল্প থেকে তিনি বছরে আয় করেন ১১ লাখ ২৫ হাজার ২৪০ টাকা। পরিচালক পেশা থেকে বেতন বাবদ পান ৪ লাখ ৬৫ হাজার ৩৩৩ টাকা। এছাড়া কৃষিখাত থেকে ২ লাখ ৬০ হাজার টাকা, বাড়ি ভাড়া বাবদ ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ব্যাংক মুনাফা থেকে ৯০৬ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন।
হলফনামা বিশ্লেষণে আরও জানা গেছে, কাজলের স্ত্রী ও দুই পুত্র সন্তানের সম্মিলিত বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।
অস্থাবর সম্পদের বিবরণীতে কাজল নগদ অর্থ হিসেবে ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭৫৯ টাকার মালিক বলে উল্লেখ করেছেন। তার অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৫ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে রয়েছে একটি মিটসুবিশি পাজেরো গাড়ি ও একটি শর্টগান। পাশাপাশি স্ত্রী ও সন্তানদের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে কাজলের রয়েছে প্রায় ২২ একর অকৃষি জমি, ২০ একর লিজকৃত জমি, ঢাকার উত্তরায় একটি ফ্ল্যাট এবং কক্সবাজারে একটি বাড়ি। যৌথ মালিকানাধীন সম্পদসহ তার স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৫ কোটি ১১ লাখ টাকা। এছাড়া তার স্ত্রী ৯০ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফর রহমান কাজল কক্সবাজার-৩ আসনে জয়লাভ করেছিলেন। একই আসনে এবার প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর, যিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
আগামী ৩ জানুয়ারি সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দেওয়া ছয় প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।