ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত, চীন ও ব্রাজিলসহ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র এসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের সামরিক কর্মকাণ্ডকে সমর্থন করছে।
রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় ‘রাশিয়া স্যাংশন বিল’-এ সম্মতি দিয়েছেন। বিলটি তৈরি করেছেন গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে।
বিলের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা।
সিনেটর গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহে বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যের ওপর ভারত ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক প্রদান করছে, যার ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন বিল পাস হলে এই শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: এনডিটিভি